ইংরেজি শেখার সহজ উপায় 一 ক্লাস ৮ থেকে ১০ এর ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ গাইড
ভূমিকা, ইংরেজি কি সত্যিই এত কঠিন?
ধরো, তুমি ক্লাস নাইনে পড়ো। প্রতিদিন স্কুলে যাও, , বাংলা গণিত, বিজ্ঞান সব বিষয়ে ভালই কর। কিন্তু যখনই ইংরেজি ক্লাস আসে, বুকের ভেতর কেমন যেন একটা ভয় জমে যায়। তার প্রশ্ন করলে উত্তর মাথায় আসে কিন্তু মুখ দিয়ে বের হয় না। পরীক্ষায় ইংরেজি রচনা লিখতে গেলে হাত কাঁপে।
এই অবস্থা কি শুধু তোমার? না। বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী একই সমস্যায় ভোগে। কিন্তু মজার বিষয় হল, এই সমস্যার সমাধান আছে ーএবং সেটা মোটেই কঠিন না।
আজকের এই আর্টিকেলে আমি তোমাদেরকে বলব কিভাবে তুমি ঘরে বসেই, খুব সহজে, মজার মজার পদ্ধতিতে ইংরেজি শিখতে পারবে। ক্লাস ৮ থেকে ১০ ーএই তিনটা বছর যদি ঠিকমতো কাজ করতে পারো, তাহলে ইংরেজি আর কখনো তোমার ভয়ের কারণ হবে না। বরং এটা হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় শক্তি।
চলো শুরু করি।
প্রথম কথা ইংরেজি শেখার মানসিক প্রস্তুতি
অনেক ইংরেজি শিখতে বসার আগে হাল ছেড়ে দেই। কারণটা হলো ー তারা মনে করে ইংরেজি শেখা মানে মোটা মোটা গ্রামার বই মুখস্ত করা, কঠিন কঠিন শব্দ ঠেসে ধরা। এ ধারণাটাই সবচেয়ে বড় সমস্যা।
আসলে ইংরেজি একটি ভাষা মাত্র। ঠিক যেভাবে তুমি বাংলা শিখেছো ー কথা শুনে, বলে, পড়ে, লিখে ーঠিক একই ভাবে ইংরেজি শেখা যায়। তুমি কি মনে করতে পারো কখন বাংলা গ্রামার মুখস্ত করে বাংলা বলা শিখেছিলে? না, সেটি হয়নি। বাংলা এমনই তোমার ভিতরে ঢুকে গেছে।
ইংরেজি ও একইভাবে ঢোকাতে হবে।
তাই প্রথম কথা হলো ভয় ছাড়ো। ইংরেজি কে শত্রু মনে না করে বন্ধু মনে করো। এটা একটা নতুন খেলা, যেটা তুমি একটু একটু করে শিখছো।
পর্ব ১:ইংরেজি শুনারঅভ্যাস তৈরি কর
কেন শোনা এত গুরুত্বপূর্ণ?
ভাষা শেখার প্রথম ধাপ হল শোনা। একটা ছোট বাচ্চা কিভাবে কথা বলতে শেখে? প্রথমে সে মাস দুয়েক শুধু শোনে। তারপর ধীরে ধীরে বলা শুরু করে। ইংরেজি ও এভাবেই শিখতে হয়।
তুমি যদি প্রতিদিন ইংরেজিতে কিছু শোনো, তাহলে কিছুদিন পর দেখবে ইংরেজি শব্দগুলো কানে অনেক পরিচিত লাগছে। ভয় কমে যাচ্ছে।
কি শুনবে?
- ইউটিউবে ইংরেজি কার্টুন: ক্লাস ৮ー১০ এর ছাত্র-ছাত্রীদের জন্য "Pepa Pig", "Curious George","Bluey" এ কার্টুনগুলো খুব ভালো। এগুলোতে সহজ ইংরেজি ব্যবহার করা হয়। সাথে সাবটাইটেল রেখো। প্রথমে বাংলা সাবটাইটেল, তারপর ইংরেজি সাবটাইটেল।
- ইংরেজি গান: তোমার পছন্দের ইংরেজি গান শোনো। গানের লিরিক্স (কথা) খুঁজে বের করো। বারবার শুনতে শুনতে গানের সাথে গলা মেলানোর চেষ্টা করো। এটা pronounciation (উচ্চারণ) ঠিক করার অসাধারণ একটা উপায়।
- TED-ED ভিডিও: ইউটিউবে TED-ED চ্যানেল বিভিন্ন বিষয়ের উপর সহজ ইংরেজিতে ছোট ছোট ভিডিও আছে। বিজ্ঞান, ইতিহাস, গণিতー যে বিষয় পছন্দ সে বিষয়ের ভিডিও দেখো। এতে ইংরেজিও শেখা হয়, জ্ঞানও বাড়ে।
- BBC Learning English:এটা বিশেষভাবে ইংরেজি শিখার জন্য তৈরি। ইউটিউব বা তাদের ওয়েবসাইটে গেলে পাবে।
প্রতিদিনের রুটিন কি হবে?
প্রতিদিন মাত্র ৩০ মিনিট ইংরেজিতে কিছু শোনো। সকালে উঠে চা বা নাস্তার সময়, অথবা রাতে ঘুমানোর আগে। এটা মোবাইলে করা যায়। কোন খরচ নেই, কোন কোচিং দরকার নেই।
পর্ব ২: ইংরেজি বলার সাহস তৈরি কর(Speaking)
সবচেয়ে বড় বাধা কোথায়?
ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে বাংলাদেশের বেশিরভাগ ছাত্রছাত্রীর সামনে একটাই বাধা - লজ্জা। ভুল বললেই সবাই হাসবে, এটা ভয়।
কিন্তু একটা কথা মনে রাখো; ভুল না করলে শেখা যায় না। পৃথিবীর কোন মানুষ কখনো কোন ভাষা ভুল না করে শেখেনি। তুমি যখন প্রথম সাইকেল চালাতে শিখেছিলে তখন পড়ে গিয়েছিলে। তাই বলে কি সাইকেল চালানো ছেড়ে দিয়েছিলে? না।
ইংরেজি বলাও ঠিক তেমনি।
কিভাবে Speaking অভ্যাস করবে?
১.আয়নার সামনে কথা বলো: এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা সত্যিই কাজ করে। প্রতিদিন সকালে ৫ー১০ মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলো। নিজেকে পরিচয় দাও। আজকের দিনটা কেমন যাচ্ছে সেটা বল। যা মনে আসে বলো।
শুরু করতে পারো এভাবে: "Good morning.My name is [তোমার নাম].I am in class nine. Today is [বার ও তারিখ]।Today I have school. I will staudy hard today."
এটুকু বলতে পারলে অনেক বড় একটা শুরু হয়ে গেল।
২
.নিজের কথা রেকর্ড করো: মোবাইলে ভয়েস রেকর্ডার দিয়ে নিজের কথা রেকর্ড করো। তারপর শোনো। নিজে বুঝতে পারবে কোথায় উচ্চারণ ঠিক হয়নি, কোথায় থেমে গেছো। এভাবে নিজেই নিজের শিক্ষক হতে পারবে।
৩.বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলো: ক্লাসের একজন বন্ধুকে রাজি করাও যে তোমরা দুজন মিলে প্রতিদিন অন্তত ১০ মিনিট শুধু ইংরেজিতে কথা বলবে। দুজনেই ভুল করবে, দুজনেই হাসবে - কিন্তু দুজনেরই শেখা হবে।
৪.নিজের কাজের বিবরণ ইংরেজিতে বলো: তুমি যা করছো সেটা মনে মনে বা আস্তে আস্তে ইংরেজিতে বলো। যেমন ভাত খাচ্ছো তখন মনে মনে বল "I am eating rice. The rice is hot. It tastes good." এটা অনেক মজার এবং অনেক কার্যকর।
পর্ব ৩:ইংরেজি পড়ার অভ্যাস তৈরি করো(Reading)
পড়া কেন জরুরী?
ইংরেজি পড়লে একসাথে তিনটা জিনিস হয়:
- নতুন শব্দ(Vocabulary) শেখা যায়
- গ্রামারের সঠিক ব্যবহার দেখা যায়
- ইংরেজি বাক্য গঠন বোঝা যায়
কি দিয়ে শুরু করবে?
অনেকে মনে করে ইংরেজি পড়তে হলে ডিকেন্স বা শেক্সপিয়ার পড়তেহবে। ক্লাস ৮ー১০ এর জন্য শুরু করো খুব সহজ জিনিস দিয়ে।
১.Oxford Reading Tree Graded Readers:
এগুলো বিশেষভাবে ইংরেজি শিক্ষার্থীদের জন্য তৈরি বই। খুব সহজ ভাষায় লেখা, ছবি দেওয়া, মজার গল্প। পিডিএফ অনলাইনে পাওয়া যায়।
২.The Daily Star Dhaka Tribune:
বাংলাদেশের ইংরেজি পত্রিকা। প্রতিদিন একটা করে ছোট সংবাদ পড়ো। অপরিচিত শব্দ দেখলে Google Translate করো, একটা খাতায় লিখে রাখো।
৩. ইংরেজি কমিক্স:Doraemon, Asterix, Tintin - এগুলোর ইংরেজি ভার্সন পাওয়া যায়। ছবি দেখে অর্থ বোঝা যায়, তাই ভয় কম।
৪. তোমার পাঠ্য বইয়ের ইংরেজি অংশ: স্কুলের ইংরেজি বইটাই আসলে সবচেয়ে কাছের শিক্ষক। প্রতিটা Lesson একবার পড়ো, অপরিচিত শব্দ গুলোর মার্ক করো, অর্থ বের করো।
পড়ার সময় কি করবে?
অজানা শব্দ দেখলে সাথে সাথে অনুবাদ করতে যেওনা। আগে বাক্যটার মধ্যে সে শব্দের অর্থ বোঝার চেষ্টা করো। অনেক সময় পুরো বাক্য পড়লেই অর্থ বোঝা যায়। এই অভ্যাসটা তোমার পড়ার গতি বাড়াবে।
পর্ব৪: ইংরেজি লেখার দক্ষতা তৈরি কর (Writing)
লেখালেখি কেন গুরুত্বপূর্ণ?
পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর আছে লেখা থেকে ーরচনা, চিঠি, অনুচ্ছেদ। তাই লেখার দক্ষতা বাড়ানো মানে পরীক্ষায় নম্বর বাড়ানো।
লেখা শুরু করো এভাবে
১. প্রতিদিন একটা ডাইরি লেখ ইংরেজিতে: এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকর পদ্ধতি। প্রতিদিন মাত্র ৫-১০ লাইন। আজকে কি করলে, কি খেলে, কার সাথে কথা হলো - এতোটুকু লিখলেই চলবে।
উদাহরণ:"Today I woke up at 7 o'clock.I had rice and egg for breakfast. Than I went to school. In school, my favorite class was science. In the afternoon, I played criket with my friends.It was a good day."
এই ধরনের লেখা দিয়ে শুরু করো। ভুল হলেও চলবে। লেখার অভ্যাস তৈরি হওয়াটাই এখন লক্ষ্য।
২. বাক্য তৈরি অভ্যাস কর: নতুন একটা শব্দ শিখলেই সে শব্দ দিয়ে ৫ টা বাক্য বানাও। এটা শব্দটাকে মাথায় গেঁথে দেবে।
৩. প্যারাগ্রাফ লেখার অভ্যাস কর: যেকোন একটা বিষয় নাও - যেমন "My School". "My favourite Season", "A Rainy Day" - এবং সেটার উপর ১০-১৫ লাইন লিখে ফেলো। তারপর পাঠ্য বইয়ের নমুনা দেখে তোমার সাথে মিলিয়ে দেখো।
৪.চিঠি লেখার ফর্ম্যাট শেখো: পরীক্ষায় চিঠি প্রায়ই আসে। Formal letterএবং Informal letterএর ফর্ম্যাট আলাদা। একবার শিখে নিলে পরীক্ষায় এ অংশের নম্বর পাওয়া অনেক সহজ হয়ে যায়।
পর্ব ৫: ইংরেজি ভোকাবুলারি (Vocabulary) বাড়াও
শব্দ না জানলে ভাষা চলে না
ইংরেজিতে অনেক শব্দ আছে। সব শব্দ একসাথে শেখা সম্ভব না। কিন্তু প্রতিদিন পাঁচটা করে শব্দ শিখলে এক বছরে ১৮০০ শব্দ শেখা হয়ে যায়। এতগুলো শব্দ জানলে ইংরেজি পড়া ও বলা অনেক সহজ হয়ে যায়।
কিভাবে শব্দ শিখবে?
১. Flashcardপদ্ধতি: একটা কার্ড বা কাগজের একপাশে ইংরেজি শব্দ লিখবে, অন্য পাশে বাংলা অর্থ। প্রতিদিন সেগুলো দেখবে। পুরনো কার্ড রিভিউ করবে, নতুন কার্ড যোগ করবে।
২. Word Familyপদ্ধতি: একটা শব্দের সাথে তার পরিবারের সবাইকে শেখো। যেমন:
- Happy (adj) ⇾ Happily (adv) → Happiness (noun) →Unhappy (opposite)
একটা শিখলে চারটা পাচ্ছে।
৩. Vocabulary নোটবুক রাখো: একটা আলাদা খাতা রাখো শুধু নতুন শব্দের জন্য। নতুন শব্দ শিখলে সেখানে লিখবে 一 শব্দ, অর্থ, উচ্চারণ এবং একটা বাক্য। সপ্তাহে একবার পুরো খাতা একটু পড়বে।
৪.প্রেক্ষাপটে শেখো: কোন শব্দ একা না শিখে বাক্যের মধ্যে শেখো। যেমন "Curious" শব্দটা "The curious cat looked at the fish" বাক্যের মধ্যে শিখলে মনে থাকবে।
৫. Anki বা Quizlet অ্যাপ ব্যবহার করো: এগুলো ফ্রি অ্যাপ যেগুলো Spaced Repetition পদ্ধতিতে তোমাকে শব্দ মনে রাখতে সাহায্য করে। মোবাইলে ডাউনলোড করো, প্রতিদিন ১০ মিনিট খেলো।
পর্ব ৬: ইংরেজি গ্রামার শেখার সহজ পদ্ধতি
গ্রামার কি মুখস্ত করতে হয়
অনেকে ভাবে গ্রামার মানে নিয়মের বই মুখস্ত করা। এটা ঠিক না। গ্রামার হল ভাষার নিয়ম। তুমি যখন অনেক বেশি ইংরেজি পড়বে এবং শুনবে, তখন এই নিয়মগুলো এমনিই বুঝতে পারবে।
তবে কিছু মূল নিয়ম জানলে ভাল হয়।
ক্লাস ৮ - ১০ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামার টপিক
১.Tense (কাল): বাংলায় আমরা তিন কালে কথা বলি - বর্তমান, অতীত, ভবিষ্যৎ। ইংরেজিতেও তাই। কিন্তু ইংরেজিতে এগুলো আর ও ভাগ আছে।
মূল তিনটি দিয়ে শুরু করো:
- Present Simple: I eat rice everyday.
- Past Simple: I ate rice yesterday.
- Future Simple: I will eat rice tomorrow.
এই তিনটা ভালোভাবে শিখলে ৮০ % ইংরেজি লেখা আর বলা কাভার হয়ে যায়।
২. Subject-Verb Agreement: বাক্যে Subject আর Verb একসাথে মিলিত হয়।
- He gose to school, (He + gose - সঠিক)
- They go to school. ( They + go -সঠিক)
এই সহজ নিয়মটা জানলে অনেক ভুল এড়ানো যায়।
৩. Preposition:In, On, At, By, With, To - এগুলো Preposition। এগুলো মুখস্ত না করে, বাক্যের মধ্যে দেখতে দেখতে শেখো।
- Igo to school on foot.
- I live in Dhaka.
- School starts at 8o'clock.
৪.Articles (a, an, the): এটা অনেকের কাছেই কঠিন লাগে
- A: যে কোন একটা জিনিস (a book, a mango)
- An: যেসব শব্দ Vowel দিয়ে শুরু (an apple, an egg)
- The: নির্দিষ্ট কোন জিনিস (the book on my table)
এই তিনটা মনে রাখলে অনেক সহজ হয়ে যায়।
গ্রামার শেখার ভালো উপায়
গ্রামারের নিয়ম পড়া, তারপর সে নিয়মে নিজে ১০ টা বাক্য বানাও। বাক্য বানানো ছাড়া শুধু নিয়ম পড়লে কিছুই মনে থাকে না। করব
পর্ব ৭: পরীক্ষায় ভালো করার কৌশল
SSC পরীক্ষায় ইংরেজি কেমন আসে?
ক্লাস ১০ শেষে SSC পরীক্ষায় ইংরেজি দুটো পেপারে হয়। প্রথম পেপারে থাকে Reading, Grammar। দ্বিতীয় পেপারে থাকেWriting - Paragraph, Letter, Email, Story।
প্রতিটা অংশের জন্য আলাদা কৌশল
Reading Comprehension:প্রশ্নে যা জিজ্ঞেস করা হয়েছে সেটা এ খুঁজে বের করো। নিজের মতামত না দিয়ে থেকে উত্তর নাও। প্রশ্নে যেসব শব্দ ব্যবহার করা হয়েছে, উত্তরে সেই কাছাকাছি শব্দ রাখো।
Grammar Fill in Blanks: এই তিনটি ভালো করে অভ্যাস করো। বাক্যটা একবার পুরো পড়ো, তারপর ফাঁকা জায়গায় কি বুঝবে সেটা ঠিক করো।
Paragrph Writing: একটা ভালো Paragraph এ থাকে:
- একটা Topic Sentence (প্রথম লাইন - মূল কথা)
- ৩-৪ টা Supporting Sentence (বিস্তারিত)
- একটা Concluding Sentence (শেষ লাইন -উপসংহার)
এই কাঠামো মেনে লিখলে নম্বর বেশি আসে।
Letter Writing: Formal letterএর জন্য মনে রাখো:
- শুরু: The Headmaster / The Editor....
- বিষয়: Subject...
- মূল অংশ; I am writing to infrom you....
- শেষ: Yours faithfully / Yours sincerely
Informal letter (বন্ধুকে):
- শুরু:Dear [ নাম],
- শেষ: Your loving friend / Your friend
পর্ব ৮: রোজকার জীবনে ইংরেজি ব্যবহার করো
ইংরেজি শুধু বইয়ের জিনিস না
সবচেয়ে বড় ভুলটা হয় এখানে- অনেকে ইংরেজি শুধু পরীক্ষার জন্য শিখি। কিন্তু পরীক্ষায় ভালো করতে হলেও দৈনন্দিন জীবনে ইংরেজি ব্যবহার করতে হবে।
কিভাবে রোজকার জীবনে ইংরেজি আনবে?
১. মোবাইলের ভাষা ইংরেজি করো: সেটিংস এ গিয়ে ফোনের ভাষা ইংরেজিতে বদলে দাও। তখন প্রতিদিন ছোট ছোট ইংরেজি শব্দ চোখে পড়বে।
২.ইংরেজিতে হিসাব করো: মনে মনে ইংরেজিতে সংখ্যা গুনো। দোকানে গেলে মনে মনে বলো "This costs two hundred taka."
৩.খাবারের নাম ইংরেজিতে বোল: ভাত=rice, ডাল=lentil soup, মুরগি=chicken। এভাবে ছোট ছোট শব্দ শিখতে থাকো।
৪.রাস্তার সাইনবোর্ড পড়ো: বাইরে বের হলে রাস্তার ইংরেজি লেখাগুলো পড়ো। হোটেলের মেনু, দোকানের নাম - সবখানে ইংরেজি আছে।
৫.ইংরেজি চ্যাটিং কর: বন্ধুকে Whats App বা Massengerএ ইংরেজিতে মেসেজ কর। প্রথমে কঠিন লাগবে, কিছুদিন পর সহজ হয়ে যাবে।
পর্ব ৯: সাধারণ ভুলগুলো এড়িয়ে চলো
অনেকে ইংরেজি শিখতে গিয়ে কিছু সাধারণ ভুল করে যেগুলো থেকে বেরিয়ে আসা কঠিন হয়।
ভুল ১: শুধু মুখস্থ করা। পরীক্ষার আগে রচনা, চিঠি মুখোস্ত করা একটা অভ্যাস। এতে পরীক্ষায় পাশ হয়তো হয়, কিন্তু ইংরেজি শেখা হয় না।
ভুল ২:একটানা বেশি পড়া। এক দিনে চার ঘন্টা না পরে প্রতিদিন ৩০ মিনিট পর অনেক বেশি কার্যকর। ভাষা শেখায় ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ভুল ৩: ভুল করলে হতাশ হওয়া। আবারও বলছি - ভুল করা শেখার অংশ। ভুল করো, শুধরাও, এগিয়ে যাও।
ভুল৪: শুধু গ্রামার পড়া। ইংরেজিতে চারটা দক্ষতা আছে - শোনা, বলা, পড়া, লেখা। চারটাতেই একটু একটু কাজ করতে হবে।
ভুল ৫: সঠিক উচ্চারণ নিয়ে বেশি চিন্তা করা। উচ্চারণ সময়ের সাথে ঠিক হয়। শুরুতে বলতে পারাটাই বড় কথা।
পর্ব ১০: ফ্রি রিসোর্স যেগুলো তোমার কাজে লাগবে
ইংরেজি শেখার জন্য অনেক টাকা খরচ করতে হয় না। ইন্টারনেটে অনেক ফ্রি রিসোর্স আছে।
ওয়েবসাইট:
- BBC Learning English (bbc.co.uk/learningenglish)
- British Council (learnenglish.britishcouncil.org)
- Grammarly (grammarly.com) -লেখা ঠিক করতে
- Cambridge Dictionary (dictionary.cambridge.org)
ইউটিউব চ্যানেল:
- BBC Learning English
- English with Lucy
- Speak English with Vanessa
- TED-Ed
অ্যাপ:
- Duolingo ( প্রতিদিন ১৫ মিনিট, গেমের মত)
- Quizlet(ভোকাবুলারির জন্য)
- Anki (Flashcard)
- Google Translate (শব্দ বুঝতে)
উপসংহার:তোমার ইংরেজি যাত্রা আজই শুরু হোক
তুমি এ আর্টিকেলটা পড়েছো। মানে তুমি ইংরেজি শেখার ব্যাপারে সিরিয়াস। এটাই সবচেয়ে বড় কথা।
মনে রাখো, ইংরেজি রাতারাতি শেখা যায় না। কিন্তু প্রতিদিন একটু একটু করে কাজ করলে, ছয় মাসেই তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার ইংরেজি কতটা ভালো হয়ে গেছে।
আজ থেকে শুরু করো। প্রথম দিনে শুধু একটা কাজ করো ー আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে নিজেকে পরিচয় দাও। এই একটা ছোট কাজ দিয়েই তোমার ইংরেজি শেখার যাত্রা শুরু হয়ে যাবে।
তুমি পারবে। শুভকামনা।
👉এই আর্টিকেলটি ক্লাস ৮ থেকে ১০ এর ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে লেখা হয়েছে। পরিবার, শিক্ষক ও অভিভাবকরাও এটি শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url